আর্কা ফ্যাশন উইকে এই পোশাকটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।ছবি: রুনা খানের ফেসবুক থেকে নেওয়া

তৃতীয়বারের মতো ঢাকায় হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। নতুন প্রজন্মের, বিশেষ করে শহুরে জেন-জিদের কাছে এই উৎসব পেয়েছে জনপ্রিয়তা। ১৬ থেকে ১৯ জানুয়ারি এই ফ্যাশন উইক অনুষ্ঠিত হলো তেজগাঁওয়ের আলোকি কনভেনশন হলে। ভিন্নধর্মী ফ্যাশন উদ্যোক্তাদের অংশগ্রহণে পণ্য প্রদর্শনী, বেচাকেনাসহ চার দিনে নানা রকম মাস্টারক্লাস, ডিজাইন ল্যাব, ফ্যাশন শোয়ের আয়োজনও ছিল। শেষ দিন ফ্যাশন শোয়ের একটি কিউয়ে ডিজাইনার তানহা শেখের ফ্যাশন লেবেল ‘তান’-এর নতুন সংগ্রহ তুলে ধরা হয়। যেখানে শো স্টপার অভিনেত্রী রুনা খানের পোশাকটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেশের জ্যেষ্ঠ ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে মডেলরাও পোশাকটি নিয়ে মন্তব্য করেছেন বিভিন্ন মাধ্যমে। ফ্যাশন অঙ্গন থেকে সাধারণ মানুষ রীতিমতো দুই ভাগে ভাগ হয়ে গেছে বলা চলে। একদল সরব ‘দেশি ঐতিহ্য ভুলে যাওয়া হচ্ছে’ বলে, আরেক দল বলছে, ‘এটা নতুনকে নিতে না পরার ব্যর্থতা’।

আলোচনার শুরু ১৯ জানুয়ারি ফ্যাশন শো শেষ হওয়ার পর। অনেকে লুকটাকে বাহ্বা দিয়েছেন, কেউ দিয়েছেন দুয়ো। এমনকি নানা রকম মিম ও ট্রলও হয়েছে অনলাইনে। এর মধ্যে ফ্যাশন ডিজাইনার ও ‘আনোখি’র উদ্যোক্তা হুমায়রা খান ২১ জানুয়ারি রুনা খানের একটি ছবিসহ বেশ কড়াভাবেই নিজের বক্তব্য তুলে ধরেছেন ফেসবুকে। এরপর সরব হয়েছেন আরও অনেকে। কেউ কেউ হুমায়রা খানের লেখাটি শেয়ার করে একমত প্রকাশ করেছেন, কেউ আবার দ্বিমত জানিয়েছেন ওই পোস্টের কমেন্ট বক্স বা নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যান্ডলে। হুমায়রা খানের ওই পোস্ট শেয়ার করে পোশাকটি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ডিজাইনার ও মডেল বিবি রাসেল। শো স্টপারের লুক নিয়ে প্রশ্ন তুলেছেন মডেলিং দিয়ে দেশ-বিদেশে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুলও। আবার তরুণ ডিজাইনার তানহা শেখের পক্ষে দাঁড়িয়েছেন সম্প্রতি দেশ-বিদেশে খ্যাতি পাওয়া তরুণ মডেল ও ইনফ্লুয়েন্সার সোবিয়া আমিনসহ অনেক তরুণ মডেল ও উদ্যোক্তা।

রুনা খানের এই ভাইরাল পোশাক বা লুক নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আসুন জেনে নিই, কে কী বললেন।

ফেসবুকে হুমায়রা খান ‘ইয়াং ডিজাইনার’ সম্বোধনে ইংরেজিতে যে স্ট্যাটাস দিয়েছেন, তার সারমর্ম হলো, ‘দয়া করে আপনারা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের কথা ভেবেই নকশা করুন। এমন বিজনেস মডেল নিয়ে ভাবুন, যেটিকে আপনার গোষ্ঠী নিজের বলে মনে করবে। মেট গালার মতো পোশাকে “ওভার দ্য টপ” এ দেশের জন্য প্রযোজ্য নয়। আমরা যা করতে পারিনি, তরুণ ডিজাইনারদের সেই লক্ষ্যে পৌঁছানোর অনুরোধ করছি।’ শেষে পোশাকটির মডেলকে উদ্দেশ করে হুমায়রা খান ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনি কেন জেনেবুঝে এটার প্রচার করছেন?’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *