Month: January 2025

  • জুয়ার প্রচারণায় নাম, যা বললেন পিয়া জান্নাতুল

    জুয়ার প্রচারণায় নাম, যা বললেন পিয়া জান্নাতুল

    অনলাইন জুয়া কাণ্ডে নাম জড়িয়েছে মাহিয়া মাহি, পরীমণি, অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়াসহ দেশের কয়েকজন তারকার। এবার নাম উঠল মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের। তবে অভিনেত্রী, এই অ্যাপের শুভেচ্ছাদুত নন তিনি।

    বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবে জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে ম্যাচের আগে বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি–শার্ট পরিহিত ছিলেন তিনি।

    বিষয়টি নিয়ে জানতে চাইলে পিয়া জান্নাতুল বলেন, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’

    তিনি আরও বলেন, ‘আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি। এখানে কে স্পনসর দিল সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না।’

    খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

    মডেল ও অভিনয়শিল্পী পিয়া জান্নাতুল একজন পেশাদার আইনজীবীও। তাই বিনোদন অঙ্গন–সংশ্লিষ্টদের মতে, একজন আইনজীবী হয়ে তিনি কীভাবে একটি জুয়ার অ্যাপ স্পনসর হয়েছে, এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন, তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।

     

  • জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধার ভূমিকায় ছিল ছাত্রশিবির: সারজিস আলম

    জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধার ভূমিকায় ছিল ছাত্রশিবির: সারজিস আলম

    জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজপথে থাকা, পরামর্শ দেওয়া ও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকা পালন করেছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শিবিরের কর্মীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, কেউ কোনো দিন কোনো সত্যকে চেপে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

    আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন সারজিস আলম।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেট (সম্ভাব্য হুমকি) মনে করেছিল, তাদেরই যেভাবে পেরেছে, নানা তকমা দিয়ে ব্লেইম গেমে (দোষারোপের খেলা) মেতে উঠেছিল।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি, অনেক নিরপরাধ মানুষকে, অনেক নিরপরাধ আলেম-ওলামাকে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।’

    সারজিস আলম আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বাংলাদেশের অনেক সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল খুনি শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান প্রজন্মে বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে।

    ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সম্মেলনের বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

  • জুলাই বিপ্লবে আহতরা চিকিৎসাব্যয়ে বিদেশে প্রয়োজন মাফিক ডলার নিতে পারবেন

    জুলাই বিপ্লবে আহতরা চিকিৎসাব্যয়ে বিদেশে প্রয়োজন মাফিক ডলার নিতে পারবেন

    বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ বিপ্লবে আহতদের জন্য এই সীমা শিথিল করা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের চিকিৎসায় এই সীমা শিথিল করা হয়েছে। ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।

    সংশ্লিষ্টরা জানান, জুলাই বিপ্লবে অনেকে আহত হয়েছেন।

    তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা ব্যয় সাধারণের চেয়ে বেশি লাগবে। আহতের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করেছে। যাতে বিদেশের হাসপাতালের ব্যয় মেটাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।

    এই সার্কুলারের ফলে আহতরা হাসপাতালের চিকিৎসা ব্যয়ের চাহিদা অনুযায়ী ডলার বহন করতে পারবেন এবং ব্যয় করতে পারবেন।

  • থার্টিফার্স্ট নাইটে শব্দদূষণের প্রতিকার চেয়ে ৯৯৯ এ হাজারের বেশি কল

    থার্টিফার্স্ট নাইটে শব্দদূষণের প্রতিকার চেয়ে ৯৯৯ এ হাজারের বেশি কল

    থার্টিফার্স্ট নাইটে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড় ও আতশবাজির উচ্চশব্দে সারাদেশে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শব্দদূষণের প্রতিকার চেয়ে হাজারের বেশি কল আসে।

    বুধবার (১ জানুয়ারি) দুপুরে ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

    তিনি জানান, ৩১ ডিসেম্বর খিষ্টীয় বর্ষবরণের প্রাক্কালে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড় ও আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫টি কল করেন ভুক্তভোগীরা।

    এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গৃহীত হয়।

    এসব ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।

    অপরদিকে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়।

    তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি-নির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলেও জানান ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

  • মানুষমাত্রই উদ্যোক্তা, শ্রমিক না : প্রধান উপদেষ্টা

    মানুষমাত্রই উদ্যোক্তা, শ্রমিক না : প্রধান উপদেষ্টা

    মানুষমাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না।

    এটাই তফাত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।

    পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হতে যাচ্ছে এই মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার যৌথ আয়োজক।

    দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

  • বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু হচ্ছে চীনে

    বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু হচ্ছে চীনে

    নিজেদের তৈরি নতুন ট্রেন সামনে এনেছে চীন। যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। পরীক্ষামূলক চলাচলে সিআর৪৫০ মডেলের ট্রেনটির গতি ৪৫০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে চীনের পরিবহন মন্ত্রণালয়।

    আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন হবে। যা চীনেরই বর্তমান ৩৫০ কিলোমিটার গতির সিআর৪০০ ট্রেনকে পেছনে ফেলবে। ২০১৭ সালে এই মডেলের ট্রেন যাত্রী পরিবহন শুরু করে।

    নতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিকেলস এবং সিফাং কোম্পানি লিমিটেড। তারা রেলগাড়িটির প্রশংসা করে বলেছে, এটির গতি, শক্তির কার্যকারিতা, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, ট্রেনটি ৩ হাজার সিমুলেশন এবং ২ হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে। তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও অন্যান্য পরিমার্জন প্রয়োজন।

    গত দশকে রেল সেবার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে গেছে চীন। দেশটি নতুন করে কয়েক হাজার কিলোমিটার রেললাইন তৈরি করেছে। এতে দেশের প্রতিটি অংশে পৌঁছে গেছে ট্রেন। চীনে বর্তমানে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার রেললাইন আছে। যার মধ্যে ৪৬ হাজার কিলোমিটার উচ্চগতির লাইন।

    ১৯৮০ সাল থেকে দ্রুতগতির ট্রেন তৈরি এবং সেবা উন্নত করতে এশিয়া, ইউরোপে কয়েকশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। জাপানের সিনকানশেন এবং ফ্রান্সের টিজিভি বিশ্বে প্রথম দ্রুতগতির ট্রেন আনে, যা পরবর্তী সময়ে বিমানের বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করে। সিএনএন

  • বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

    বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

    ২০২৫ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো।

    তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। সেখানে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরের অবস্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন।

    ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে জন্মহার ছিল কম। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে জন্মেছিল ৭ কোটি ৫০ লাখেরও বেশি শিশু।

    বর্তমানে জন্মহার এবং মৃত্যুহারের যে চিত্র, তাতে ২০২৫ সালের প্রতি সেকেন্ড গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্ম নেবে এবং ২ জনের মৃত্যু ঘটবে বলে ধারণা করছে ইউএস সেন্সাস ব্যুরো। বিবৃতিতে সে তথ্য উল্লেখও করা হয়েছে।

    তবে এই গড় হিসাবে তারতম্যও হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে বছরের ১২ মাসের প্রতিটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহারের চিত্র বদলে যায়। এই ব্যাপারটিকে হিসাবে ধরা হলে প্রতি মাসের জন্ম ও মৃত্যুহারের রেকর্ড রাখা জরুরি।

    সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে।

  • ‘২০২৫ সাল হবে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অপরাধের বিচারের বছর’

    ‘২০২৫ সাল হবে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অপরাধের বিচারের বছর’

    ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

    আজ বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

    তাজুল ইসলাম বলেন, নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে। প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

    চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে।

    এসময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।