ঢালিউড অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি নিয়ে মুক্তির আগেই বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্মাতা হাসান জাহাঙ্গীর ১৫ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর থেকেই এতে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। তাদের দাবি, নাটক হিসেবে করা একটি কাজকে অনৈতিকভাবে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে।
এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত কোনো সিনেমা নয়; এটি যুক্তরাষ্ট্রে নাটক হিসেবে শুটিং করা হয়েছিল। দর্শক পর্দায় মৌসুমীকে যেভাবে দেখে অভ্যস্ত, এই কাজটি সেই মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ছবিটির মুক্তি বন্ধের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
একই ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করেন মৌসুমী। তিনি জানান, নির্মাতার অনুরোধে যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন এবং কয়েক দফায় শুটিংয়ে অংশ নেন। পরে তাকে জানানো হয়, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে প্রচার হবে। কিন্তু এখন তার অজান্তেই কাজটিকে সিনেমা হিসেবে সেন্সর করিয়ে মুক্তি দেওয়া হচ্ছে—যা তাকে রীতিমতো বিস্মিত করেছে। মৌসুমীর অভিযোগ, তাকে এখানে ‘কাটপিসের মতো’ ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মৌসুমী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতির হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে, ওমর সানী জানিয়েছেন যে তারা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এরই মধ্যে সংগঠনগুলোতে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
তবে নির্মাতা হাসান জাহাঙ্গীর এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই প্রজেক্টের জন্য মৌসুমীকে সিনেমার উপযুক্ত পারিশ্রমিকই দেওয়া হয়েছে এবং তাকে ভিডিও বার্তা দিতে ‘বাধ্য করা হয়েছে’। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানে সিনেমাটির মুক্তি এখন অনিশ্চয়তার মুখে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখতে ১৫ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রতিনিধির নাম 




















